কলকাতা: নেপাল-চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় হড়পা বান ও প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। এখনও শতাধিক মানুষের নিখোঁজ থাকার খবর সামনে এসেছে। নিখোঁজদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন। কলকাতার ৩২ জন পর্যটকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে ঘিরে উদ্বেগের খবর। নেপালে নতুন একটি ছবির শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা। বর্তমানে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
অভিনেতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জানা গিয়েছে, খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রীও নেপালে রয়েছেন।
তাঁদের ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায়, যিনি বিহু নামেও পরিচিত, জানিয়েছেন, বাবার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব না হলেও এখনও পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনও খবর তাঁর কাছে নেই। মঙ্গলবার, ২৫ অগস্ট পর্যন্ত মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তবে বুধবার আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নেপালের দুর্গম এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রীর সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও অনুরাগীরা।



















