কলকাতা: দুর্গাপুজোর মরশুমে কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপে নানা ধরনের অভিনব থিম দেখা যায়। এবার শহরের একটি দুর্গাপুজোর থিমে তুলে ধরা হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবন ও রাজনৈতিক সফরের বিভিন্ন অধ্যায়। থিমের নাম দেওয়া হয়েছে ‘নন্দীগ্রাম থেকে নবান্ন: বুবাইয়ের জয়যাত্রা’।
হিন্দু মহাসভার উদ্যোগে কলকাতার রুবি ক্রসিংয়ে আয়োজিত হতে চলা এই দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাঁথির অধিকারী পরিবারের ‘বুবাই’ থেকে কীভাবে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর আসনে পৌঁছলেন, সেই রাজনৈতিক যাত্রাই মণ্ডপের থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মুখ্যমন্ত্রীর শৈশব, রাজনীতিতে তাঁর আগমন, বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মতো একাধিক অধ্যায় তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
বুধবার হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী জানান, মুখ্যমন্ত্রীর জীবনের বিভিন্ন পর্যায়কে কেন্দ্র করেই পুজোর থিম সাজানো হবে। দর্শনার্থীরা মণ্ডপে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত সম্পর্কে জানতে পারবেন।




















