রাজ্য- বৃহস্পতিবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল Calcutta High Court। আইনজীবীর কালো পোশাক পরে আদালত কক্ষে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। রাজ্যে ‘বিজেপি আশ্রিত’ দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে All India Trinamool Congress-এর দায়ের করা মামলায় এদিন আদালতে সওয়ালও করেন তিনি।
তবে এই ঘটনার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে বৈধতা ও পেশাগত অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে কড়া চিঠি পাঠিয়েছে Bar Council of India। চিঠিতে মমতার ‘লিগ্যাল প্র্যাকটিস স্টেটাস’ সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে।
বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানতে চেয়েছে, ঠিক কবে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নথিভুক্ত হয়েছিল। পাশাপাশি তিনি কবে আইন পেশা স্থগিত করেছিলেন এবং পুনরায় কবে সেই পেশায় ফিরেছেন, সেই সংক্রান্ত সমস্ত নথিপত্রও চাওয়া হয়েছে। তাঁর ‘সার্টিফিকেট অফ প্র্যাকটিস’-এর কপিও দেখতে চেয়েছে বিসিআই। আগামী দু’দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন আদালতে সওয়ালের সময় শুধু আইনি যুক্তিতেই সীমাবদ্ধ থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক ছবি তুলে ধরে রাজ্যের আক্রান্ত মানুষের পরিস্থিতির কথাও বিচারপতির সামনে তুলে ধরেন। একটি শিশুর ছবি দেখিয়ে তিনি বলেন, “এই বাচ্চাটির মা খুন হয়েছেন। ওরা তফসিলি জাতির পরিবার।” তাঁর অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষ থেকে সংখ্যালঘু— সকলে আজ আতঙ্কের মধ্যে রয়েছেন।
মমতার দাবি, মহিলাদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষ ভয়ে বাজারে যেতেও পারছেন না। আবেগঘন কণ্ঠে তিনি আদালতের কাছে আবেদন করেন, “মানুষের উপর কেন আক্রমণ হবে? হাতজোড় করে আবেদন করছি, কিছু একটা করুন।”
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত থাকলেও আইনজীবী হিসেবে সওয়াল করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজনৈতিক জীবনের শুরুর দিকে তিনি একাধিকবার আইনজীবী হিসেবে আদালতে লড়াই করেছেন। সম্প্রতি তিনি আবার সক্রিয়ভাবে আইন পেশায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবারের ঘটনা সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।
এখন নজর পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দিকে। বিসিআই-এর চিঠির জবাবে তারা কী তথ্য ও নথি পেশ করে, সেটাই দেখার।




















