গঙ্গার ভয়াবহ ভাঙনে রেললাইন সংলগ্ন এলাকা জলমগ্ন, মালদহ-সাহেবগঞ্জ শাখায় বাড়ল ট্রেন বাতিলের সংখ্যা; বৃহস্পতিবার বাতিল ২২টি ট্রেন

গঙ্গার ভয়াবহ ভাঙনে রেললাইন সংলগ্ন এলাকা জলমগ্ন, মালদহ-সাহেবগঞ্জ শাখায় বাড়ল ট্রেন বাতিলের সংখ্যা; বৃহস্পতিবার বাতিল ২২টি ট্রেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদহ

গঙ্গার ভয়াবহ ভাঙন ও জলস্ফীতির জেরে মালদহ ডিভিশনের রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। মালদহ ও বিহার সীমান্তবর্তী এলাকায় গঙ্গার জল ঢুকে রেললাইনের আশপাশের মাটি দুর্বল হয়ে পড়ায় বুধবারের তুলনায় বৃহস্পতিবার, ১ অক্টোবর, আরও বেশি সংখ্যক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের সাহেবগঞ্জ শাখায় গঙ্গার জল ও ভাঙনের কারণে রেল চলাচল ব্যাহত হওয়ার খবরও মিলেছে।

রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মোট ২২টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক MEMU, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী দিনগুলিতেও রেল পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

১ অক্টোবর বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ৬৩৪০১ সাহেবগঞ্জ-মালদা টাউন MEMU, ১৩৪০৯ মালদা টাউন-কিউল এক্সপ্রেস, ১৩৪২৭ হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, ৬৩৪২১ আজিমগঞ্জ-সাহেবগঞ্জ MEMU, ৬৩৪১১ সাহেবগঞ্জ-ভাগলপুর MEMU এবং ৬৩০৬৩ বর্ধমান-সাহেবগঞ্জ MEMU।

এছাড়াও বাতিল করা হয়েছে ৫৩৪১১ বারহরওয়া-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ৬৩৪০৫ রামপুরহাট-সাহেবগঞ্জ MEMU, ৫৩৪৮১ তিনপাহাড়-রাজমহল প্যাসেঞ্জার এবং ৫৩৪৮৩ তিনপাহাড়-রাজমহল প্যাসেঞ্জার-সহ আরও একাধিক ট্রেন।

এর আগে বুধবার থেকেই সাহেবগঞ্জ-বড়হরওয়া-ভাগলপুর রেলপথের একাধিক জায়গায় ভাঙন ও রেললাইনের নীচের মাটি দুর্বল হয়ে যাওয়ায় ট্রেন চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছিল। রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালাচ্ছে। ট্র্যাকের নীচের মাটি শক্ত করতে পাথর ও অন্যান্য সামগ্রী ফেলা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, গঙ্গার জলস্তর না কমা পর্যন্ত এবং প্লাবিত এলাকার মাটি ও বাঁধের স্থিতি ফের শক্ত না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সময়সীমা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফলে আগামী দিনগুলিতে আরও ট্রেন বাতিল, যাত্রাপথ পরিবর্তন অথবা পরিষেবা সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিতে হতে পারে।

গঙ্গার ভাঙন ও জলবন্দি পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে সাধারণ রেলযাত্রীদের উপর। মালদহ, সাহেবগঞ্জ, ভাগলপুর ও আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতে তৈরি হয়েছে চরম ভোগান্তি। পরিস্থিতির দিকে নজর রেখে রেল কর্তৃপক্ষের তরফে মেরামতি ও নিরাপত্তার কাজ চালানো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top