কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার। চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুজো মণ্ডপগুলিতে কোনও ভিআইপি ব্যবস্থা থাকবে না। সাধারণ দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।
রবিবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সল্টলেকের পশ্চিমবঙ্গ পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুম এবং আরক্ষা ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পরে তিনি যান লালবাজারেও। পুজোর ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর রয়েছে, তা খতিয়ে দেখতেই তাঁর এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
পরিদর্শনের পর এক্স হ্যান্ডলে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার স্বার্থে কর্তব্যরত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সহযোগিতার আবেদন জানান তিনি।
এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পুজোর প্রধান মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আমি একাধিক কেন্দ্রীয় মনিটরিং কেন্দ্র পরিদর্শন করেছি।”
চোরবাগানের ঘটনার পর পুজোয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের আবহে প্রশাসনের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ। ভিড় নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। মুখ্যমন্ত্রীর ভিআইপি ব্যবস্থা বন্ধের ঘোষণার ফলে পুজো মণ্ডপগুলিতে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ ও প্রতিমা দর্শনের ক্ষেত্রে কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর।




















