কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শহরে। পুলিশ সূত্রে খবর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে কমপক্ষে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাজ্যপাল আর এন রবি।
শনিবার রাতে লোকভবনের তরফে এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যপালের শোকবার্তা তুলে ধরে জানানো হয়েছে, কলকাতার একটি দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে রাজ্যপাল আর এন রবি বলেন, “শোকের এই মুহূর্তে শোকার্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সপ্তমীর উৎসবের রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু পরিবার স্বজন হারিয়েছে। অন্যদিকে আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনার পর শোকস্তব্ধ পরিবারগুলির পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্যপালের এই বার্তা সামনে এল।




















