কলকাতা – তোলাবাজি ও প্রতারণা-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে দমদমের তৃণমূল নেতা তথা প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্টকে গ্রেফতার করল পুলিশ। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দু’জনকে। বৃহস্পতিবার দমদম থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃত অন্য দু’জন হলেন নায়নাসিশ দাস ওরফে জনি এবং সমন্ত ঘোষ ওরফে লাল্টু। পুলিশ সূত্রের খবর, তিনজনকেই তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে দমদম থানার পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমেই খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্তকারীদের দাবি।




















