রাজ্য – নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর জন্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে বিনামূল্যে সোমনাথ মন্দির দর্শনের সুযোগ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এই পুণ্যযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার থেকেই গুজরাটের উদ্দেশে যাত্রা শুরু হওয়ার কথা।
এবার মোট ১১০০ জন পুণ্যার্থীকে নিয়ে গুজরাটে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই সোমনাথ মন্দির যাত্রার আনুষ্ঠানিক সূচনা হতে পারে। কলকাতা স্টেশন থেকেই পুণ্যার্থীদের নিয়ে বিশেষ ট্রেন গুজরাটের উদ্দেশে রওনা দেবে।
তীর্থযাত্রীদের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টিতেও বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের সঙ্গে ট্রেনে থাকবেন সরকারি চিকিৎসক, স্টাফ নার্স-সহ সাত সদস্যের একটি মেডিক্যাল টিম। নবান্নের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য ভবনের তরফে ওই চিকিৎসক দলকে পাঠানো হচ্ছে।
অর্থাৎ ধর্মীয় পর্যটনের পাশাপাশি যাত্রাপথে পুণ্যার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১১০০ জনের এই সোমনাথ যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট দফতরগুলি।




















