রাজ্য – নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার সূচিতে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। সেই কারণে বৃহস্পতিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিন বদলের কথা জানানো হয়েছে।
আগের সূচি অনুযায়ী ৫, ৬ ও ৭ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী এবার সেই পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ অক্টোবর। উপনির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি ও ভোটগ্রহণের সঙ্গে পরীক্ষার সূচি যাতে সংঘাত তৈরি না করে, সেই কারণেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ অক্টোবর নন্দীগ্রামের পাশাপাশি মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। ইতিমধ্যেই এই ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। ফলে একই সময়ে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকায় সম্ভাব্য সমস্যা এড়াতে শিক্ষা সংসদের তরফে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ সেপ্টেম্বর রেজিনগর বিধানসভা উপনির্বাচনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভোটের ফলাফল ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী কাজ এগোবে।




















