দেশ – প্রবল ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। এই পরিস্থিতিতে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিজেপির কাছে কোনও পদ নয়, দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
শনিবার সমাজমাধ্যমে প্রকাশিত এক পোস্টে অমিত শাহ লেখেন, বিজেপির কর্মীদের কাছে যেকোনও পদের চেয়ে দেশ, যুবসমাজ এবং শিক্ষার্থীদের স্বার্থ অনেক বেশি মূল্যবান। তাঁর মতে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সেই নীতিরই প্রতিফলন।
শাহ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশের তরুণদের উদ্বেগের বিষয়গুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সংস্কার আনার প্রতিশ্রুতি সরকারের রয়েছে। পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তা প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে নিট পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে বলেই তিনি আশাবাদী।




















