রাজ্য – ২০২৪ সালের জুন মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছিল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হলং বনবাংলো। বর্তমানে নতুন করে বাংলো নির্মাণের কাজ জোরকদমে চলছে। রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, এবার আর কাঠের পরিবর্তে কংক্রিটের কাঠামোয় তৈরি করা হচ্ছে নতুন হলং বাংলো। নির্মাণকাজ সম্পূর্ণ হলে আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে এটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন বাংলোর উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করতে পারেন বলেও তিনি জানান।
জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত হলং বনবাংলো দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। সবুজ অরণ্য ও বন্যপ্রাণের মাঝখানে কাঠের তৈরি এই বাংলো প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুন রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট কক্ষবিশিষ্ট হলং বনবাংলো সম্পূর্ণ পুড়ে যায়। পরবর্তী তদন্তে জানা যায়, বাংলোর তৃতীয় তলার একটি কক্ষে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো কাঠের নির্মাণটি ভস্মীভূত হয়ে যায়। নতুন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে।




















