বিনোদন – অভিনেতা Parambrata Chattopadhyay এবং অভিনেত্রী Swastika Mukherjee-র বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট ও মন্তব্যের অভিযোগ তুলে বৃহস্পতিবার মামলা দায়ের করেন আইনজীবী Joydeep Sen।
অভিযোগের সূত্র ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টে সমর্থন জানিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় মন্তব্য করেন, “হাহাহা, হোক হোক।” অভিযোগকারীর দাবি, এই পোস্ট ও মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়া হয়েছিল।
২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ওঠে। বিজেপির দাবি ছিল, নির্বাচনের ফল প্রকাশের পর তাদের কর্মীদের উপর হামলা, মারধর, খুন, মহিলাদের উপর নির্যাতন এবং ঘরছাড়া করার ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, সেই সময় পরমব্রতের ওই পোস্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছিল এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আরও উজ্জীবিত করেছিল।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই সময় বেলেঘাটার বিজেপি কর্মী Abhijit Das খুন হন। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হিসেবে পরমব্রত ও স্বস্তিকার সামাজিক প্রভাব রয়েছে। তাই তাঁদের এই ধরনের মন্তব্য রাজনৈতিক হিংসা আরও ছড়িয়ে দিতে ভূমিকা নিয়েছিল বলে অভিযোগ।
তবে প্রশ্ন উঠছে, ২০২১ সালের একটি পোস্ট নিয়ে এখন কেন মামলা? সেই বিষয়ে আইনজীবী জয়দীপ সেন জানিয়েছেন, পোস্টটি পুরনো হলেও বর্তমানে তা আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। তাঁর দাবি, দায়িত্বশীল নাগরিক হিসেবে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
তিনি আরও জানান, অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে Bharatiya Nyaya Sanhita কার্যকর হলেও অভিযোগের সময়কার প্রেক্ষাপটে ভারতীয় দণ্ডবিধির ধারাতেই মামলা রুজু করার আবেদন জানানো হয়েছে। গড়িয়াহাট থানায় পূর্ণাঙ্গ তদন্ত শুরুর দাবিও জানিয়েছেন তিনি।

















