কলকাতা – পুজোর সময় পার্ক স্ট্রিট বললেই চোখের সামনে ভেসে ওঠে আলোয় ঝলমলে রাস্তা, সাজসজ্জা আর রেস্তরাঁগুলির সামনে মানুষের ভিড়। উৎসবের আমেজে মুখর এই এলাকায় এতদিন মা দুর্গার দর্শনের সুযোগ সেভাবে ছিল না। এবার সেই ছবিই বদলাতে চলেছে। কলকাতার প্রাণকেন্দ্রের অ্যালেন পার্কে প্রথমবারের মতো ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে কলকাতা সনাতনী সংঘ।
পুজোর আর হাতে গোনা কয়েকটি সপ্তাহ। ইতিমধ্যেই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় সেজে উঠবে পুজোমণ্ডপ। প্রতিমাতেও তুলে ধরা হবে সনাতনী ঐতিহ্য।
মহালয়া থেকেই শুরু হবে নানা আয়োজন। পুজো উপলক্ষে বিনামূল্যে বলিউডের একাধিক নামী তারকার পারফরম্যান্স দেখার সুযোগ থাকবে বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। অষ্টমীর দিন বারাণসীর পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে হবে অঞ্জলি। অষ্টমীর রাত থেকে নবমী পর্যন্ত জাগরণেও অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।
দশমীতে দেবীকে বিদায় জানানোর আগে সিঁদুর খেলায় মেতে উঠবেন বাঙালিরা। ইতিমধ্যেই একটি ছোট টিজারের মাধ্যমে শহরবাসীর মধ্যে আগ্রহ তৈরি করেছে কলকাতা সনাতনী সংঘ।
সংঘের সভাপতি শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, এই আয়োজনের আরও অনেক চমক এখনও প্রকাশ্যে আসেনি। তাঁর কথায়, এখন যা দেখা যাচ্ছে তা কেবল টিজার। মহালয়া থেকেই উৎসবের আবহ তৈরি হবে। তবে হিন্দু রীতি মেনে দেবীপক্ষেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সেই উদ্বোধনেও বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন তিনি।
অর্থাৎ, পার্ক স্ট্রিটের পরিচিত উৎসবের আবহের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অ্যালেন পার্কে নতুন এই পুজো ঘিরে শহরবাসীর মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।




















