খেলা – ভারতের মাটিতে ম্যাচ। খেলবে ভারতীয় দল। অথচ সেই ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল পাকিস্তানের একটি সংস্থা। ভারত বনাম আফগানিস্তান সাদা বলের সিরিজকে ঘিরে এমনই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, সিরিজটির মিডিয়া স্বত্ব পাকিস্তানি সংস্থা ট্রান্সগ্রুপের হাতে তুলে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংস্থাটি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সুপার লিগের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত।
আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠেই কার্যত ‘বিদেশ সফর’ করতে চলেছে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে দীর্ঘদিন ধরেই আফগানিস্তান নিজেদের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে ভারতের বিভিন্ন স্টেডিয়াম ব্যবহার করে আসছে।
এবারও আফগানিস্তানের ‘হোম সিরিজ’ ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানি সংস্থা ট্রান্সগ্রুপকে। ফলে ভারতীয় দর্শকদের জন্য ম্যাচ দেখার ক্ষেত্রে তৈরি হতে পারে নতুন সমস্যা।
জানা গিয়েছে, ভারতে বহুল ব্যবহৃত কয়েকটি অ্যাপ বা প্ল্যাটফর্মে এই সিরিজের ম্যাচ সরাসরি সম্প্রচারিত নাও হতে পারে। ফলে ভারত-আফগানিস্তান সিরিজের খেলা কোথায় এবং কীভাবে দেখা যাবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল।
ভারতের মাটিতে ভারতীয় দলের ম্যাচ হলেও সম্প্রচারের দায়িত্ব পাকিস্তানি সংস্থার হাতে যাওয়ার বিষয়টি ক্রিকেটমহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




















