রাজ্য – পুজোর আগে রাজ্যে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজ্যে নতুন শিল্পপ্রকল্প ও বিনিয়োগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে রাজ্যে লারসেন অ্যান্ড টুব্রো (L&T) গোষ্ঠীর তরফে দু’টি বড় প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। এর পাশাপাশি নিউটাউনে ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির জন্য আদানী গ্রুপের একটি প্রস্তাবের কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, চলতি মাসের ২৭ তারিখ নিউটাউনের সিলিকন ভ্যালিতে L&T গোষ্ঠীর একটি বড় পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। ওই দিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রকল্পটির উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি দুর্গাপুজোর সময় হলদিয়াতেও L&T গোষ্ঠীর আরও একটি বড় শিল্প প্রকল্পের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে পুজোর আগে রাজ্যে শিল্পক্ষেত্রে পরপর নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে।
অন্যদিকে, নিউটাউনে ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রস্তাব দিয়েছে আদানী গ্রুপ বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।
পুজোর আগে একসঙ্গে শিল্প, পরিকাঠামো ও স্বাস্থ্যক্ষেত্রে নতুন বিনিয়োগের এই ঘোষণাকে রাজ্যকে আরও শিল্পমুখী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন।




















