পুলিশ আবাসনে শুভেন্দুর প্রচার ঘিরে বিতর্ক, কমিশনের কাছে তৃণমূলের অভিযোগ

পুলিশ আবাসনে শুভেন্দুর প্রচার ঘিরে বিতর্ক, কমিশনের কাছে তৃণমূলের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যজুড়ে দ্বিতীয় দফা ভোটের আগে যখন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল, তখনই বিজেপি প্রার্থী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার সোশাল মিডিয়ায় অভিযোগ তুলে দাবি করেছেন, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই শুভেন্দু অধিকারী পুলিশ আবাসনে গিয়ে নির্বাচনী প্রচার করেছেন।
জয়প্রকাশ মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, অত্যন্ত উদ্বেগজনকভাবে শুভেন্দু অধিকারী বডিগার্ড লাইন্স পুলিশ আবাসনে প্রবেশ করে ভোটের প্রচার করেছেন, যেখানে কোনও পূর্ব অনুমতি ছিল না বলে অভিযোগ। তাঁর প্রশ্ন, কলকাতা পুলিশের তরফে কি এই বিষয়ে কোনও অনুমতি দেওয়া হয়েছিল? পুলিশ কমপ্লেক্সের ভেতরে বাইরের লোকজনকে নিয়ে প্রবেশ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ওই সময় উপস্থিত কিছু পুলিশ কর্মীও নাকি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে স্লোগান দিয়েছেন এবং প্রচারে অংশ নিয়েছেন। তাঁর দাবি, সরকারি কর্মচারী ও পুলিশ বাহিনীর এভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণভাবে নির্বাচন বিধির পরিপন্থী।
এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ করে জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত জরুরি এবং এই ধরনের ঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে, যদিও এ বিষয়ে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top