রাজ্য – চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এসএসকেএম হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ডের সামনে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ মানতে রাজি না হওয়ায় তাঁর আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। এরপর নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।
জানা গিয়েছে, কলকাতা হাই কোর্টের রায়ের পর বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, প্রথমে এসএসকেএম হাসপাতালে গিয়ে মেডিক্যাল বোর্ডের সামনে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে গঠিত বোর্ড তাঁর শারীরিক অবস্থা মূল্যায়ন করে বিদেশে চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়ে মতামত দেবে।
তবে শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আদালতকে জানান, তিনি এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করাতে ইচ্ছুক নন। এরপর আদালত তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি সংক্রান্ত আবেদন খারিজ করে দেয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই এবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন তৃণমূল সাংসদ।




















