রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর (West Bengal Assembly Election 2026) ঠিক আগে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে কড়া হুঁশিয়ারি দিল নির্বাচন কমিশন। কবি শ্রীজাতর (Srijato) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত হয়।
নির্বাচন কমিশনের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক একটি চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল কমিশনের নির্দেশে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ভোট প্রক্রিয়ার আগে তাঁকে আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন এই খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।
চিঠিতে আরও জানানো হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করা সম্পূর্ণভাবে আদালতের এক্তিয়ারভুক্ত বিষয় এবং এতে নির্বাচন কমিশনের কোনও ভূমিকা থাকে না। সংশ্লিষ্ট আদালতের নির্দেশ অনুযায়ী ওই পরোয়ানা কার্যকর হওয়ার শেষ তারিখ ১১ জুন, ২০২৮ বলেও উল্লেখ করা হয়েছে।
কমিশনের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের যাচাই না করা তথ্য প্রচার করা নির্বাচন আচরণবিধি (MCC)-এর লঙ্ঘন এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া কমিশন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ১২ ঘণ্টার মধ্যে ওই বিতর্কিত খবরটি টেলিভিশন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া—সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে ভুল তথ্য প্রকাশের জন্য সংশোধনী প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে।
কমিশন সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনায় মানহানি মামলা এবং তথ্যপ্রযুক্তি আইনসহ বিভিন্ন ধারায় দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ভোটারদের বিভ্রান্ত করা বা কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছে কমিশন।




















