রাজ্য – বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন ২০২৬-এ (West Bengal Assembly Election 2026) ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই একাধিক কেন্দ্র থেকে ভোট দিতে না পারার অভিযোগ সামনে আসতে শুরু করে, যা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য।
সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ভোটকেন্দ্রে। অভিযোগ অনুযায়ী ১৪৮, ১৪৫ এবং ১৪৪ নম্বর বুথে ইভিএম মেশিনে সমস্যা দেখা দেয়। এর ফলে দীর্ঘ সময় ধরে রোদে দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। সকাল থেকে তীব্র গরমের মধ্যেও ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন বহু ভোটার।
এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলার বিভাস রঞ্জন দাস। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। ভোটারদের বক্তব্য, সকালে ভোট দিয়ে দ্রুত বাড়ি ফেরার পরিকল্পনা থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে অনেকেই ভোট না দিয়েই ফিরে যান। প্রায় দেড় ঘণ্টা পর ধীরে ধীরে ভোটগ্রহণ শুরু হলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যালয় ভোটকেন্দ্রেও ইভিএম বিভ্রাটের অভিযোগ ওঠে। ১৮৭ নম্বর বুথে মেশিনে ত্রুটির কারণে ভোটগ্রহণ শুরুতে দেরি হয় বলে জানা গেছে। ভোটাররা জানান, কেউ ৩০ মিনিট, কেউ ৪০ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে পারেননি।
একই ধরনের সমস্যা দেখা গেছে মালদার হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী রাজেন্দ্র নারায়ণ রায় বিদ্যানিকেতনেও। সেখানে ২৩০ ও ২৩১ নম্বর বুথে সকাল ৮টা ৪৪ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি বলে অভিযোগ ওঠে। দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে না পেরে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক কেন্দ্রে ইভিএম বিভ্রাটের কারণেই ভোটগ্রহণে দেরি হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
ভোটের দিনের শুরুতেই এই ধরনের প্রযুক্তিগত সমস্যায় সাধারণ ভোটারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যদিও নির্বাচন কমিশন পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।



















