কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি প্রক্রিয়ায় বেনিয়মের অভিযোগ উঠল। এবিভিপির অভিযোগের তীর যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা জুটার দিকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে পিএইচডি ভর্তির প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলে এবিভিপি। যদিও সংগঠনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জুটা।
এবিভিপির দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডিতে ভর্তির মেধাতালিকা প্রকাশ না করা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। সংগঠনের অভিযোগ, ওয়েটিং লিস্টে অনেক পিছনে থাকা কোনও প্রার্থীর নাম বিশেষভাবে এগিয়ে এনে এক নম্বরে রাখার পরিকল্পনা করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি চিরঞ্জীব ভট্টাচার্য, ইমনকল্যাণ লাহিড়ী এবং জুটার সভাপতি পার্থপ্রতীম রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে এবিভিপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, আর্টস ফ্যাকাল্টিতে পিএইচডি ভর্তির মেধাতালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না। রাজনৈতিকভাবে যুক্ত ব্যক্তিদের ভর্তি করানোর জন্যই কি এই ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছে সংগঠনটি। পাশাপাশি কতজনকে এই পদ্ধতিতে ভর্তি করানো হয়েছে এবং এর বিনিময়ে আর্থিক লেনদেন হয়েছে কি না, তা নিয়েও অভিযোগ করেছে এবিভিপি।
অন্যদিকে, এবিভিপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে জুটা। সংগঠনের সভাপতি পার্থপ্রতীম রায় জানিয়েছেন, অভিযোগের কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক। প্রমাণ থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পিএইচডি ভর্তি প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্যকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।




















