কলকাতা: বিজেপির বাংলা জয়ের পর শিল্পপতি গৌতম আদানি তাঁকে ফোন করেছিলেন বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে রাজ্যে শিল্প ও বিনিয়োগ নিয়ে আলোচনা করতে গিয়ে আদানির সঙ্গে ওই ফোনালাপের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারীর দাবি, বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরদিন, ৫ মে তাঁকে ফোন করেছিলেন গৌতম আদানি। সেই ফোনালাপে আদানি নাকি বলেছিলেন, “আমরা আজ গর্বিত ভারতীয়। দেশ বেঁচে গেল। কাল ১০ লাখ টাকার মিষ্টি বিতরণ করেছি।”
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর আদানি গোষ্ঠীর সঙ্গে রাজ্যের যোগাযোগও বেড়েছে। তাঁর দাবি, তৃণমূল জমানায় একাধিক বাণিজ্য সম্মেলন হলেও রাজ্যে প্রত্যাশিত শিল্প বিনিয়োগ আসেনি। তবে সরকার পরিবর্তনের পর শিল্পপতিদের মধ্যে বাংলাকে নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
পালাবদলের পর করণ আদানির বাংলায় আসা এবং দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর প্রকল্পের দীর্ঘদিনের জমি-জটিলতা মেটার বিষয়টিও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এরপর রাজ্যে একাধিক প্রকল্পে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল তৈরির কাজও করছে আদানি গোষ্ঠী।
রাজ্যে বিনিয়োগের পরিবেশ এবং শিল্পপতিদের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গৌতম আদানির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথাই তুলে ধরেন মুখ্যমন্ত্রী।




















