দিল্লি – রাজ্য সরকারি কর্মীদের বহুল প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। ২৩ জুলাই পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল দেশের সর্বোচ্চ আদালতে। নতুন রাজ্য সরকার গঠনের পর এই মামলার এটিই প্রথম শুনানি হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
আদালত সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত স্পেশাল বেঞ্চটি বাতিল হয়ে যাওয়ায় শুনানি স্থগিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় শুনানি পিছিয়ে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিষয়টিকে “মগের মুলুক” বলে কটাক্ষ করেছেন।
অন্যদিকে, সংগঠনের আরেক নেতা শ্যামল কুমার মিত্র সমাজমাধ্যমে লিখেছেন, “আবার ডিএ মামলা, আবার ‘তারিখ পে তারিখ’ সংস্কৃতির খপ্পরে। সর্বোচ্চ ন্যায়ালয়ের দরজায় ন্যায় পেতে আর কতদিন অপেক্ষা করতে হবে?” তাঁর এই মন্তব্যও সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২৩ জুলাই দুপুর ২টায় সুপ্রিম কোর্টের ৭ নম্বর আদালতে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে ওই দিনই রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট বিশেষ বেঞ্চটির গঠন বাতিল করা হয়েছে। ফলে মামলার পরবর্তী শুনানির নতুন তারিখের অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা।




















