স্বাধীনতা দিবসেও বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের দুই জেলায় হলুদ সতর্কতা

স্বাধীনতা দিবসেও বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের দুই জেলায় হলুদ সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – স্বাধীনতা দিবসেও বাংলায় পুরোপুরি কাটছে না দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আগের তুলনায় কিছুটা কমবে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ফলে স্বাধীনতা দিবসের দিনও আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি থাকবে।

সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের দু’-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে ওই দু’দিন নতুন করে বড় কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। ফলে সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

তবে উত্তরবঙ্গে এখনও পুরোপুরি স্বস্তি নেই। শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেখানে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ফলে স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার উপরও নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top