রাজ্য – রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বৎ মুখোপাধ্যায়। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ১৬ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। ওই দিনটিকে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে কোনও এক অজ্ঞাত কারণে বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত চালু হলে বাংলার মানুষও দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে একই স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থার আওতায় আসবেন। তাঁর দাবি, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং প্রায় ৬ কোটি মানুষ যুক্ত হবেন।
তবে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারতের নির্ধারিত মানদণ্ডের বাইরে থাকা রাজ্যের বাসিন্দাদের জন্যও একই দিনে বিকল্প স্বাস্থ্যসুরক্ষা ব্যবস্থা চালু করবে রাজ্য সরকার। তাঁদের জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা’ চালু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই প্রকল্পেও বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্যসুরক্ষা দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে রাজ্যের কোনও বাসিন্দাকেই স্বাস্থ্যসুরক্ষার বাইরে রাখা হবে না বলে দাবি সরকারের।
আয়ুষ্মান ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হল, একটি পরিবারের জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। অর্থাৎ, পরিবারের সমস্ত সদস্যই প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কারও আগে থেকেই কোনও জটিল রোগ থাকলেও প্রকল্প চালুর প্রথম দিন থেকেই সেই রোগের চিকিৎসার খরচের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, পুরনো বা আগে থেকে থাকা রোগের ক্ষেত্রেও চিকিৎসার ব্যয় প্রকল্পের আওতায় আসবে বলে জানিয়েছেন তিনি।
১৬ অগস্ট থেকে আয়ুষ্মান ভারত এবং রাজ্য সরকারের বিকল্প স্বাস্থ্যসুরক্ষা প্রকল্প চালু হলে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বড় পরিবর্তন আসবে বলে দাবি রাজ্য সরকারের। প্রায় ৬ কোটি মানুষকে স্বাস্থ্যসুরক্ষার আওতায় আনার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।




















