হুগলি: একসময় যে কারখানায় তৈরি হত দেশের অন্যতম জনপ্রিয় অ্যাম্বাসাডর, সেই উত্তরপাড়ার হিন্দুস্তান মোটরসের জমিতে ফের গাড়ি তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় এক যুগ ধরে বন্ধ থাকা কারখানায় এবার বৈদ্যুতিক গাড়ি বা EV উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছে হিন্দুস্তান মোটরস। সংস্থার প্রতিনিধিরা রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে একাধিকবার আলোচনা করেছেন বলে জানিয়েছেন রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাপস রায়। রাজ্য সরকারও প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
উত্তরপাড়ার এই কারখানার সঙ্গে বাংলার শিল্প ইতিহাসের দীর্ঘ সম্পর্ক রয়েছে। প্রায় ৭০০ একর জমির উপর গড়ে ওঠা কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। এখানেই তৈরি হওয়া অ্যাম্বাসাডর একসময় দেশের সরকারি পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতে অত্যন্ত পরিচিত গাড়ি হয়ে উঠেছিল। বিদেশেও এই গাড়ির চাহিদা ছিল। কিন্তু প্রতিযোগিতার বাজারে সময়ের সঙ্গে অ্যাম্বাসাডরের জনপ্রিয়তা কমতে থাকে এবং ২০১৪ সালে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
এবার সেই পুরনো শিল্পাঞ্চলেই নতুন করে বৈদ্যুতিক গাড়ি তৈরির সম্ভাবনা সামনে এসেছে। হিন্দুস্তান মোটরসের কাছে বর্তমানে একটি ইউরোপীয় এবং একটি মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগের প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকার উত্তরপাড়ায় জমি বরাদ্দ করলে ওই দুই সংস্থার মধ্যে কোনও একটির সঙ্গে EV ইউনিট তৈরির বিস্তারিত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
এই খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখছেন এলাকার মানুষ। বিজেপি নেতা প্রণয় রায়ও দাবি করেছেন, রাজ্যে নতুন সরকার আসার পর শিল্পায়নের পরিবেশ তৈরি করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে এবং হিন্দমোটর নিয়েও দ্রুত ইতিবাচক খবর আসতে পারে। তবে EV কারখানার প্রস্তাবটি এখনও সরকারের বিবেচনাধীন; চূড়ান্ত জমি বরাদ্দ বা প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত এখনও হয়নি।




















