কলকাতা: কাগজে-কলমে হাজিরা থাকলেও বাস্তবে ডিউটি না করে ফাঁকি দিলে এবার আর রক্ষা নেই। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের উপস্থিতি ও গতিবিধির উপর সরাসরি নজর রাখতে চালু করা হয়েছে ‘ডিউটি মিত্র’ অ্যাপ। বর্তমানে অ্যাপটির ট্রায়াল রান চলছে। পরীক্ষামূলক ব্যবহারের ফল সন্তোষজনক হলে পুজোর আগেই এটি স্থায়ীভাবে চালু করা হতে পারে।
শহরে মিছিল, সভা, অনুষ্ঠান-সহ বিভিন্ন কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সাধারণত বিভিন্ন ডিভিশন থেকে পুলিশকর্মীদের ডিউটিতে পাঠানো হয়। সেই পুলিশকর্মীদের তালিকা লালবাজারে পাঠানো হয় এবং তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, অনেক সময় তালিকায় নাম থাকা পুলিশকর্মীরা নির্ধারিত সময়ে ডিউটির জায়গায় পৌঁছন না। কেউ কেউ আবার ডিউটি শুরু হওয়ার পরেও অনুপস্থিত থাকেন।
এমন পরিস্থিতিতে কাগজে হাজিরা থাকলেও বাস্তবে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী না থাকায় ফোর্স ম্যানেজমেন্টে সমস্যায় পড়তে হয় পদস্থ আধিকারিকদের। অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে অনেক সময় পুলিশকর্মীদের দাবি থাকে, থানা থেকে তাঁদের কাছে ডিউটির খবর পৌঁছতে দেরি হয়েছে। ফলে নির্ধারিত তালিকা অনুযায়ী বাহিনী মোতায়েন করা সম্ভব না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সমস্যার মুখে পড়তে হয়।
এই ধরনের সমস্যা এড়াতেই ‘ডিউটি মিত্র’ অ্যাপের মাধ্যমে ডিউটিতে থাকা পুলিশকর্মীদের উপস্থিতি ও গতিবিধির উপর নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ট্রায়াল পর্ব সফল হলে পুজোর আগেই অ্যাপটি স্থায়ীভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ডিউটিতে কারা উপস্থিত, কারা অনুপস্থিত এবং বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে, তা আরও দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।




















