১১ ঘণ্টা ইডি জেরা শেষে অভিষেক, ‘গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়, লড়াই চলবে’

১১ ঘণ্টা ইডি জেরা শেষে অভিষেক, ‘গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়, লড়াই চলবে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – প্রায় ১১ ঘণ্টার ম্যারাথন জেরার পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থা আবার ডাকলে তিনি ফের জেরার মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নির্ধারিত সময়ের কিছু আগে সকাল ১০টা ৫৬ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। তার আগে সকাল ১০টা ১৫ মিনিটে বাড়ি থেকে রওনা দেন তিনি।

সূত্রের খবর, তদন্তে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হতে পারে বলে জল্পনা ছিল। সেই আবহেই দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। দিন গড়িয়ে সন্ধ্যা, তারপর রাত হলেও জেরা চলতে থাকে।

রাত ১০টার পর ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। তাঁর দাবি, বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি দল ভাঙানোর চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।

অভিষেক বলেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। তবে কোনও পরিস্থিতিতেই মাথা নত করবেন না। তাঁর কথায়, “গলা কেটে দিলেও আত্মসমর্পণ নয়, লড়াই চলবে।” একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, তদন্তকারী সংস্থা ভবিষ্যতে আবার ডাকলে তিনি সহযোগিতা করবেন এবং জেরার মুখোমুখি হবেন।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই জেরা রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top