রাজ্য – রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান তথা প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও শিল্পমহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি টাটা-সহ বড় শিল্পগোষ্ঠীগুলিকে ফের রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করার প্রচেষ্টাও চলবে বলে ইঙ্গিত মিলেছে। সেই আবহেই প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানান, সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থার চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ অত্যন্ত আনন্দদায়ক ছিল। তিনি নবান্নে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী আরও জানান, ভবিষ্যতে এমন ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা রয়েছে, যা রাজ্যের প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং রাজ্যের উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে বলেও তিনি আশাবাদী।
এদিকে রাজ্যে শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও ইতিমধ্যেই একাধিক উদ্যোগ সামনে এসেছে। গুজরাটের দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমূল হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করছে। সেখানে তৈরি হতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র। পাশাপাশি ভবিষ্যতে উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার। ফলে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে আশাবাদী রাজ্য।




















