ভাইরাল – মুম্বইয়ের লোকাল ট্রেনে এক অদ্ভুত অথচ হৃদয়ছোঁয়া মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। শাড়ি পরে, কাঁধে হাতব্যাগ ঝুলিয়ে এক বৃদ্ধাকে দেখা গেল চলন্ত ট্রেনের মহিলা কামরায় হাতল ধরে শিশুর মতো দোল খেতে। এই ভিডিয়োই এখন ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে Instagram-এ।
ভিডিয়োতে দেখা যায়, ভিড় থাকা সত্ত্বেও তিনি বসার চেষ্টা না করে দরজার কাছেই দাঁড়িয়ে পড়েন। কখনও ডান দিকে, কখনও বাঁ দিকে ঘুরে দাঁড়াচ্ছেন। তারপর আচমকাই হাতল ধরে ঝুলে পড়ে পা মুড়ে দোল খেতে শুরু করেন—একেবারে ছোট্ট শিশুর মতো নির্ভার আনন্দে। তাঁর এই আচরণে অবাক হলেও, আশপাশের যাত্রীরা মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ভোলেননি।
‘সুবর্ষা০৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া এই ভিডিয়ো দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু নেটাগরিক বৃদ্ধার এই নির্ভেজাল আনন্দকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, বয়স বাড়লেও মনের তারুণ্যই আসল, আর সেই প্রাণবন্ত মনই এই দৃশ্যে ফুটে উঠেছে।
তবে অনেকে আবার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। চলন্ত ট্রেনে এভাবে দোল খাওয়া বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছেন কিছু ব্যবহারকারী। সব মিলিয়ে, একদিকে যেমন এই ভিডিয়ো মানুষকে হাসিয়েছে, তেমনই ভাবিয়েছে নিরাপত্তার বিষয়টিও।




















