দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা—উত্তরে ঝড়-বৃষ্টির দাপট

দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, ভোটের দিন বৃষ্টির সম্ভাবনা—উত্তরে ঝড়-বৃষ্টির দাপট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ভ্যাপসা গরমে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা অব্যাহত। সকাল থেকেই তীব্র রোদের দাপট, আর রাতেও অস্বস্তিকর আবহাওয়া—সব মিলিয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম দফার ভোটগ্রহণের দিন একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত দক্ষিণবঙ্গে বড় ধরনের ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পৌঁছাতে পারে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানসহ একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে এবং তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদসহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather) পরিস্থিতি ভিন্ন। সেখানে টানা ঝড়-বৃষ্টি চলছে এবং আগামী দিনগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে দক্ষিণে গরমের দাপট আর উত্তরে বৃষ্টির ভরসা—দুই রকম আবহাওয়াই এখন রাজ্যবাসীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top