কলকাতা – ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দেখিয়ে এসআইআর ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর সংক্রান্ত অভিযোগ এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের নিষ্পত্তির জন্য মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই ট্রাইব্যুনালগুলির একটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। গত ৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
এই সময়ের মধ্যে মোট ১৭৭৭ জন ভোটারের মামলার নিষ্পত্তি করেছেন তিনি বলে সূত্রের খবর। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশে যেসব মামলার পৃথকভাবে শুনানি ও নিষ্পত্তি প্রয়োজন হয়েছিল, সেগুলিও দেখভাল করেছিলেন শিবজ্ঞানম।
তবে এবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কমিশন সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক কারণেই এই ইস্তফার সিদ্ধান্ত। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রাক্তন প্রধান বিচারপতির তরফে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের পুনরায় আবেদন করার সুযোগ করে দিতেই সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী গত ২০ মার্চ এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন টি এস শিবজ্ঞানমও।
তাঁর ইস্তফার পর এখন নতুন করে ওই পদে অন্য কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে এসআইআর ট্রাইব্যুনালের ভবিষ্যৎ কাজকর্ম নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে।




















