মালদায় নদীতে তলিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র, অন্যদিকে ভূতনি ব্রিজে স্বচ্ছতা অভিযানে পুলিশের মানবিক উদ্যোগ

মালদায় নদীতে তলিয়ে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র, অন্যদিকে ভূতনি ব্রিজে স্বচ্ছতা অভিযানে পুলিশের মানবিক উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদা – মালদার সাদুল্লাপুর নদীঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল ১৫ বছরের এক কিশোর। রবিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সাদুল্লাপুর এলাকায়। নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস। তার বাড়ি মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায়। সে মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে খবর, রবিবার দুপুরে দুই-তিনজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায় অরূপ। বিকেলের দিকে তারা ভাগীরথী নদীতে নামে। অভিযোগ, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই অরূপ আচমকা জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাদুল্লাপুর নদীঘাট এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তারাও উদ্ধারকাজে নামেন। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
অন্যদিকে, একই দিনে মালদা জেলার ভূতনি থানার পুলিশের মানবিক উদ্যোগ নজর কেড়েছে সাধারণ মানুষের। রবিবার সকাল থেকেই ভূতনি ব্রিজে স্বচ্ছতা অভিযান চালায় ভূতনি থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। থানার ওসি ওয়াংডেন তামাংয়ের নেতৃত্বে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সেতু জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়।
দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ভূতনি ব্রিজে নোংরা ও আবর্জনা জমে ছিল বলে অভিযোগ। সামান্য বৃষ্টিতেই সেতুর উপর জল জমে থাকত। পাশাপাশি কাদা ও মাটি জমে যাওয়ায় জলনিকাশি ব্যবস্থাও কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বহু সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হত।
রবিবারের এই অভিযানে ওসি ওয়াংডেন তামাং নিজে কোদাল হাতে নিয়ে কাজে অংশ নেন। তাঁর সঙ্গে অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে হাত লাগান। মহিলা সিভিক ভলান্টিয়াররাও সমানভাবে অংশগ্রহণ করেন এই অভিযানে। ভূতনি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top