পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার, থাইল্যান্ডের দুই মহিলা গ্রেপ্তার

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার, থাইল্যান্ডের দুই মহিলা গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় বিদেশি মাদক পাচারের বড়সড় চেষ্টায় সফল হওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়লেন থাইল্যান্ডের দুই মহিলা। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পর্যটক সেজে শহরে আসা দুই বিদেশিনীর কাছ থেকে বিপুল পরিমাণ এমডিএমএ (MDMA) উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাদকটির বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমডিএমএ ট্যাবলেট আকারে থাকলে সাধারণত ‘এক্সট্যাসি’ নামে পরিচিত, আর দানাদার বা ক্রিস্টাল আকারে থাকলে তাকে ‘মলি’ বলা হয়। অভিযোগ, এই বিদেশি মাদক কলকাতার বিভিন্ন রেভ পার্টিতে সরবরাহের উদ্দেশ্যেই শহরে আনা হয়েছিল। তবে পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই এসটিএফ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

ধৃত দুই মহিলার নাম সুপওয়াদি সুকুলিয়াত এবং সুথুওয়ানা কুট। তাঁরা দু’জনেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দা। তদন্তে জানা গিয়েছে, পর্যটন ভিসায় বিমানে করে কলকাতায় এসে মঙ্গলবার সকালে বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় পৌঁছন তাঁরা। সেখানে একটি হোটেলে ওঠার পরিকল্পনা ছিল তাঁদের।

গোপন সূত্রে খবর পেয়ে ভবানীপুরের ওই হোটেলে অভিযান চালান এসটিএফের গোয়েন্দারা। তল্লাশির সময় দুই মহিলার পোশাকের ভিতর থেকে প্রায় ২০ গ্রাম ‘মলি’ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এসটিএফ। মাদকগুলি কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top