কলকাতা – উলটোরথ উপলক্ষে ভবানীপুরের উৎকল সমাজের অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই এলাকার মানুষের সমর্থন ও আস্থার জন্য তিনি কৃতজ্ঞ। বিশেষ করে উৎকল সমাজের সদস্যদের উদ্দেশে তিনি মন্তব্য করেন, “এই উৎকল সমাজ আমাকে একশোয় একশো দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়েও নিজের মত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুরীর জগন্নাথধাম একটিই এবং অন্য কোনও মন্দিরকে সেই নামে অভিহিত করা উচিত নয়। তাঁর দাবি, উৎকল সমাজের বিশেষজ্ঞদের পরামর্শ না নিয়েই পূর্ববর্তী সরকার দিঘায় ‘জগন্নাথধাম’ নাম ব্যবহার করেছিল। বর্তমান সরকার সেই নাম পরিবর্তন করে ‘জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’ করেছে বলেও তিনি জানান।
উলটোরথের দিন সকাল থেকেই একাধিক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সকালে ভবানীপুরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার পুজো ও আরতিতে অংশগ্রহণ করেন। মন্দিরের সেবাইতরা তাঁকে লাল-সাদা পাগড়ি পরিয়ে সম্মান জানান। পরে সন্ধ্যায় ভবানীপুরের উৎকল সমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সদস্যদের শুভেচ্ছা জানান এবং বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতেও বজায় থাকবে।




















