রাজ্য – রাজ্য সরকারের সদ্য গঠিত সপ্তম বেতন কমিশনে বড় প্রশাসনিক পরিবর্তন করা হল। কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ও অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন আইএএস অফিসার নবীন প্রকাশকে। গত ২২ জুলাই রাজ্য সরকার কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছিল। সেই সময় অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান হিসেবে অতনু চক্রবর্তীর নাম জানানো হয়েছিল। তবে মাত্র আট দিনের মধ্যেই চেয়ারম্যান পদে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, চেয়ারম্যান পরিবর্তন হলেও সদ্য গঠিত সপ্তম বেতন কমিশনের অন্যান্য সদস্য, কাজের পরিধি, শর্তাবলি এবং নীতিগত কাঠামোয় কোনও পরিবর্তন আনা হয়নি। কমিশন পূর্বনির্ধারিত শর্ত ও দায়িত্ব অনুসারেই কাজ চালিয়ে যাবে।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার সময় এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন।
বাজেটের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, খুব দ্রুত রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী সরকার ইতিমধ্যেই কমিশনের ‘টার্মস অব রেফারেন্স’ বা কাজের পরিধি, দায়িত্ব এবং কার্যপদ্ধতির খসড়া প্রকাশ করেছে। চেয়ারম্যান পরিবর্তনের পরও কমিশনের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলবে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।




















