নয়াদিল্লি:
সোমবার লোকসভায় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) বিল পেশ করা হয়েছে। বিলটি নিয়ে সংসদে বিরোধিতা করেছেন সাতজন সাংসদ। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় এবং প্রতিমা মণ্ডল। জানা গিয়েছে, আগামী বুধবার লোকসভায় বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, সিপিআই(এমএল)-এর সাংসদ রাজা রাম সিং বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে তিনি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংকে চিঠি দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে বিলটির বিরোধিতায় সরব হয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের একাংশের অধ্যাপকরাও।
বিরোধীদের অভিযোগ, আইএসআই-কে ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ উন্নীত করার প্রস্তাবের আড়ালে প্রতিষ্ঠানের বর্তমান প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হচ্ছে। খসড়া বিল অনুযায়ী, একটি বোর্ড অফ গভর্নরস গঠন করা হবে, যার হাতে প্রতিষ্ঠানের পরিচালনার মূল দায়িত্ব থাকবে।
বিলে আরও প্রস্তাব করা হয়েছে, দেশের রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটির ভিজিটর হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর অধীনে থাকবে বোর্ড অফ গভর্নরস, অ্যাকাডেমিক কাউন্সিল, ম্যানেজমেন্ট কাউন্সিল এবং ডিরেক্টর। প্রয়োজনে ভিজিটর প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনার জন্য এক বা একাধিক ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন এবং প্রশাসনিক বিষয়ে তদন্তের নির্দেশও দিতে পারবেন। সেই তদন্তের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত প্রতিষ্ঠানকে মানতে হবে বলে খসড়া বিলে উল্লেখ রয়েছে।




















