রাজ্য – পশ্চিমবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। বুধবারের টানা বৃষ্টির পর বৃহস্পতিবারও রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কার পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখা রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে হরিয়ানার রোহতক, উত্তরপ্রদেশের শাহজাহানপুর ও সুলতানপুর, বিহারের গয়া, পশ্চিমবঙ্গের বাঁকুড়া হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হতে পারে। অধিকাংশ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার এবং শনিবারও বৃষ্টির পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



















