বসিরহাট: সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। বুধবার, ২৬ অগস্ট বসিরহাটের সন্দেশখালি থানার কোড়াকাটি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সমীর সর্দারের পুকুরে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলাই ঘোষের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় পুকুরের ভিতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। ঘটনায় সমীর সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত সমীর সর্দার সন্দেশখালির তৎকালীন প্রভাবশালী নেতা শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোথা থেকে এল, সেগুলি কোথায় ব্যবহার করা হত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, এই ঘটনার সঙ্গে অস্ত্র পাচার কিংবা কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।



















