‘হাইপ্রোফাইল নেতা’ শতরূপ ঘোষ! সাতগাছিয়ায় সভা-মিছিলের অনুমতি দিল না পুলিশ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সিপিএম নেতার

‘হাইপ্রোফাইল নেতা’ শতরূপ ঘোষ! সাতগাছিয়ায় সভা-মিছিলের অনুমতি দিল না পুলিশ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সিপিএম নেতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব বর্ধমান: সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষকে ‘হাইপ্রোফাইল নেতা’ এবং ‘বিশিষ্ট ব্যক্তি’ উল্লেখ করে সাতগাছিয়া বাজার এলাকায় সভা ও মিছিলের অনুমতি দিল না মেমারি থানার পুলিশ। পুলিশের যুক্তি, শতরূপ ঘোষের কর্মসূচিকে ঘিরে প্রচুর মানুষের জমায়েত হতে পারে এবং সাতগাছিয়া বাজার এলাকা তুলনামূলক ভাবে ঘিঞ্জি। ফলে সেখানে সভা হলে যানজট ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

মেমারি থানার তরফে সিপিএমের স্থানীয় নেতৃত্বকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, সাতগাছিয়া বাজারের কাছে শতরূপ ঘোষের সভা হওয়ার কথা রয়েছে। পুলিশের তদন্তে ওই কর্মসূচিতে বহু সমর্থকের জমায়েতের সম্ভাবনা উঠে এসেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই সাতগাছিয়া বাজারে কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। পরিবর্তে সাতগাছিয়া থেকে প্রায় ১০-১৩ কিলোমিটার দূরে অন্য একটি জায়গায় কর্মসূচি করার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

পুলিশের সেই চিঠির ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন শতরূপ ঘোষ। সেখানে পুলিশের দেওয়া ‘হাইপ্রোফাইল নেতা’ ও ‘বিশিষ্ট ব্যক্তি’ উল্লেখকে কেন্দ্র করে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ তাঁকে ‘হাইপ্রোফাইল’ না বললে তিনি নিজেই হয়তো তা জানতে পারতেন না। পোস্টের সঙ্গে ‘ইয়ে ডর হামে আচ্ছা লাগা!’ মন্তব্যও করেন সিপিএম নেতা।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সিপিএমের পূর্ব বর্ধমান জেলা নেতৃত্ব। দলের দাবি, সাতগাছিয়া বাজারে অতীতেও একাধিক বড় বাম নেতা সভা করেছেন। সভার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার কথাও জানিয়েছে দলের জেলা নেতৃত্ব। অন্যদিকে, পুলিশের যুক্তি হিসেবে বাজার এলাকার ভিড় ও যানজটের সম্ভাবনার কথাই সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top