নয়াদিল্লি: পুজোর আগেই টানা পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মাসের চতুর্থ শনিবার ও রবিবার এমনিতেই ব্যাঙ্ক বন্ধ থাকার পর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর, সোমবার থেকে বুধবার, দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ বা ইউএফবিইউ। ফলে ধর্মঘট হলে চতুর্থ শনিবার, রবিবার এবং পরপর তিন দিনের ধর্মঘট মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এর আগে ১১ সেপ্টেম্বর ইউএফবিইউ-র ডাকে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হয়েছিল। তার পরের দিন দ্বিতীয় শনিবার এবং রবিবার হওয়ায় সেদিনও ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা বন্ধ ছিল। এবার ফের তিন দিনের ধর্মঘটের ডাক দেওয়ায় পুজোর মুখে ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে নতুন করে সমস্যা তৈরি হতে পারে।
ধর্মঘটের সিদ্ধান্তের পর মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের সংগঠনগুলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে ইউনিয়নগুলির তরফে কোনও ঘোষণা করা হয়নি। ইউএফবিইউ জানিয়েছে, সপ্তাহে দু’দিন ছুটির দাবি-সহ মোট চার দফা দাবি সরকারের সামনে রাখা হয়েছে। সংগঠনের অভিযোগ, দাবিগুলি নিয়ে কেন্দ্রের মনোভাব যথেষ্ট নেতিবাচক।
ইউনিয়নগুলির দাবির তালিকায় ব্যাঙ্ক কর্মীদের পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ ও সংস্কারও রয়েছে। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বৃদ্ধির পাশাপাশি সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীদের জন্য অভিন্ন মহার্ঘ ভাতার দাবি জানানো হয়েছে। এছাড়াও ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS-এর আওতায় থাকা কর্মীদের পুরনো পেনশন স্কিম বা OPS বেছে নেওয়ার সুযোগ দেওয়ার দাবিও রয়েছে।




















