রাজ্য – Abhishek Banerjee-র কালীঘাটের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চেপে ‘চোর চোর’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা বাড়ছে। পরপর অভিযোগ উঠলেও পুলিশ কার্যত অসহায়, কারণ অভিযুক্তরা চলন্ত বাইকে থাকায় তাদের চিহ্নিত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সোমবার ভোট গণনার পরও কিছু মানুষ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিয়েছিলেন, যদিও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সেই জমায়েত দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।
কালীঘাটের Harish Mukherjee Road-এর কাছে ২৩ পল্লীর উল্টোদিকেই অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’। এতদিন বাড়ির সামনে রাস্তার বড় অংশ জুড়ে ব্যারিকেড করে রেখেছিল Kolkata Police। সেখানে কুইক রেসপন্স টিম (QRT)-এর গাড়িও সর্বক্ষণ মোতায়ন থাকত। তবে এই ব্যারিকেডের কারণে যানজটের অভিযোগ ওঠায় সোমবার রাতেই তা সরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা থেকে QRT-র গাড়িও আর দেখা যায়নি এলাকায়। বর্তমানে গুটি কয়েক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকলেও চলন্ত বাইক থেকে স্লোগান দিলে তা আটকানো প্রায় অসম্ভব বলেই মনে করছেন কর্তব্যরত অফিসাররা। যদিও পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাতেই ফের ব্যারিকেড বসানো হয়েছে অভিষেকের বাড়ির সামনে।
অন্যদিকে, Camac Street-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের সামন থেকেও সরিয়ে নেওয়া হয়েছে কড়া পুলিশি প্রহরা। এতদিন যেখানে কড়া নিরাপত্তা বলয় ছিল, সেখানে এখন স্বাভাবিক চলাচল শুরু হয়েছে। এমনকি গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলের ক্ষেত্রেও আগে পুলিশের অনুমতি বাধ্যতামূলক ছিল, যা এখন অনেকটাই শিথিল হয়েছে।
শুধু অভিষেকই নন, বিদায়ী মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র কালীঘাটের বাড়ির আশপাশ থেকেও তুলে নেওয়া হয়েছে ‘সিজারস ব্যারিকেড’। আগে ওই এলাকায় প্রবেশ করতে হলে পরিচয়পত্র দেখানো থেকে শুরু করে নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হত সাধারণ মানুষকে। এমনকি স্থানীয় বাসিন্দাদেরও সঙ্গে রাখতে হত আধার কার্ড। তবে মঙ্গলবার সকাল থেকে সেই কড়াকড়িতে বড়সড় ছাড় দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে আর কোনও বাধা না থাকে।
এই পরিস্থিতিতে নিরাপত্তা শিথিলতা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা।



















