কলকাতা —
গত ৭ নভেম্বর ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে কেন্দ্র করে তাঁর বাড়ির সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। রাত গড়িয়ে সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। ওই ঘটনার পর কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ নিজেই। এবার সেই ঘটনার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই বিস্তারিত তথ্য চাইল পুলিশ।
কী কী তথ্য জানতে চেয়েছে পুলিশ?
পুলিশের দাবি, এই ঘটনায় একটি অভিযোগ জমা পড়েছে। তবে তদন্তের স্বার্থে শুধু অভিযোগের ভিত্তিতে এগোনো সম্ভব নয়। ঘটনার বিস্তারিত তথ্যও প্রয়োজন। জানা গিয়েছে, ৭ নভেম্বর রাতের ঘটনায় কারা কারা আহত হয়েছেন এবং হামলার জেরে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তথ্য জানতে চেয়েছেন তদন্তকারীরা।
ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ পেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
১০ দিন সময় চাইলেন সাংসদ
এদিকে, পুলিশের কাছে জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১০ দিন কাজে ব্যস্ত থাকবেন সাংসদ। এরপর তিনি পুলিশের চাওয়া তথ্যের জবাব দেবেন।
ফলে, ৭ নভেম্বরের ওই ঘটনাকে ঘিরে তদন্তে এবার অভিষেকের কাছ থেকে পাওয়া তথ্যের দিকেই নজর রয়েছে।




















