পশ্চিমবঙ্গ —
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। পাঁচটি স্বাস্থ্য জেলায় নতুন করে মোট ২৫টি স্থায়ী পদ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদন মিলেছে। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মূলত আয়ুষ দফতরের কাজকর্ম আরও সহজ করা এবং সাধারণ মানুষ যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
কোন পাঁচটি স্বাস্থ্য জেলায় তৈরি হচ্ছে নতুন পদ?
নতুন পদ তৈরি করা হচ্ছে নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, রামপুরহাট, বসিরহাট এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায়। প্রতিটি জেলায় পাঁচটি করে স্থায়ী পদ থাকবে। অর্থাৎ, সব মিলিয়ে পাঁচটি স্বাস্থ্য জেলায় মোট ২৫টি পদ তৈরি হচ্ছে।
এই পদগুলির মধ্যে রয়েছে একজন ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার (আয়ুষ), একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং দু’জন গ্রুপ-ডি কর্মী। অর্থাৎ, প্রতিটি স্বাস্থ্য জেলায় প্রশাসনিক কাজ থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত দায়িত্ব সামলানোর জন্য পৃথক কর্মী থাকবেন।
কেন এই সিদ্ধান্ত রাজ্যের?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন স্বাস্থ্য জেলা তৈরি হলেও সেখানে দফতরের কাজকর্ম পরিচালনার জন্য পর্যাপ্ত স্থায়ী কর্মীর প্রয়োজন ছিল। বিশেষ করে গ্রামীণ এলাকায় আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসার সুযোগ আরও ভালোভাবে পৌঁছে দেওয়া এবং সরকারি প্রকল্পগুলির কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন কর্মী নিয়োগ হলে দফতরের দৈনন্দিন প্রশাসনিক কাজ, আর্থিক হিসাবরক্ষণ এবং পরিষেবার উপর নজরদারি আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পাঁচটি স্বাস্থ্য জেলায় আয়ুষ দফতরের কাজকর্মে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
তবে নতুন পদগুলিতে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য সামনে আসেনি।



















