কলকাতা —
রাসপূর্ণিমা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এক জোড়া অতিরিক্ত মেট্রো চলবে। উৎসবের দিনগুলিতে যাত্রীদের ভিড় সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত ব্লু লাইনে প্রথম ও শেষ মেট্রোর নির্ধারিত সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫০ মিনিটে। সোমবার ও মঙ্গলবার এই রুটে আপ ও ডাউন মিলিয়ে মোট ২৫৪টি মেট্রো চলবে।
অন্যান্য লাইনে পরিষেবা কেমন থাকবে?
ব্লু লাইনের পাশাপাশি অন্যান্য রুটের মেট্রো পরিষেবার সময়সূচিও জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট ২১২টি মেট্রো চলবে। তবে এই রুটে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।
অন্যদিকে, ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। পার্পল ও অরেঞ্জ লাইনেও অন্যান্য দিনের মতোই স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলবে।
রাসপূর্ণিমার সময় শহরের বিভিন্ন এলাকায় যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করতেই এই অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।




















