কলকাতা:
মহালয়ার দিনেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে এল বড় আপডেট। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত অংশে শনিবার ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বরের আগেই কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে যাত্রী পরিষেবা শুরুর বিষয়টি নির্ভর করছে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্রের উপর।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। এবার ট্রায়াল রানের মাধ্যমে এই পথে ট্রেন চলাচলের উপযোগিতা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সিগন্যালিং ব্যবস্থা এবং আধুনিক কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) প্রযুক্তি ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করা হবে।
ট্রায়াল রান সফল হলে পরবর্তী ধাপে পুরো রুট পরিদর্শন করবেন রেলওয়ে সেফটি কমিশনার। রেলযাত্রীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখার পর মিলবে চূড়ান্ত ছাড়পত্র। সেই অনুমোদন পাওয়া গেলেই বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা চালুর পথে আর কোনও বাধা থাকবে না।
এই সম্প্রসারণ চালু হলে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সরাসরি মেট্রোয় যাতায়াতের সুযোগ তৈরি হবে। বিশেষ করে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কর্মরত মানুষ এবং নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হতে পারে। তবে পরিষেবা শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। এখন নজর ট্রায়াল রানের ফলাফল এবং নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের দিকে।




















