‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচিতে চালু হল অনলাইন পোর্টাল, এবার ঘরে বসেই জানানো যাবে অভিযোগ

‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচিতে চালু হল অনলাইন পোর্টাল, এবার ঘরে বসেই জানানো যাবে অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির আওতায় এবার অনলাইন পোর্টাল চালু করল রাজ্য সরকার। শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হয়েছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর ও ইমেল পরিষেবা চালুর পর এবার ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পেলেন রাজ্যের বাসিন্দারা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর বা সিএমও-র ওয়েবসাইটেই যুক্ত করা হয়েছে ‘আপনার সরকার আপনার পাশে’ নামে একটি বিশেষ অপশন। এই অপশনের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ বা সরকারি পরিষেবা সংক্রান্ত অসুবিধার কথা জানাতে পারবেন।

উল্লেখ্য, পূর্বে জনগণের অভিযোগ শোনার জন্য ‘দিদিকে বলো’ এবং ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি চালু ছিল। সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোনও ব্যক্তি বা পদকে কেন্দ্র করে নয়, বরং জনগণের সরকার হিসেবে নতুন নামে এই পরিষেবা চালু করা হবে। সেই অনুযায়ী চলতি মাসের শুরুতে ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়।

সরকারি পরিষেবা পেতে কোনও বাধা, সমস্যা বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ 8282082820 নম্বরে ফোন করতে পারেন। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ইমেল আইডিও চালু করা হয়েছে। এবার সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হল অনলাইন পোর্টাল।

অভিযোগ জানানোর জন্য ব্যবহারকারীকে প্রথমে সিএমও-র ওয়েবসাইটে গিয়ে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘Raise Grievance’ নামে একটি বিভাগ থাকবে। নিজের মোবাইল নম্বর দেওয়ার পর একটি ওটিপি আসবে। সেই ওটিপি যাচাই করার পর ক্যাপচা পূরণ করতে হবে।

যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে অভিযোগ জানানোর জন্য একটি নতুন পেজ খুলবে। সেখানে আবেদনকারীকে নিজের নাম, ঠিকানা, জেলা, থানা, বিধানসভা কেন্দ্র, পিনকোড-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর নির্দিষ্ট সমস্যা বা অভিযোগ বিস্তারিতভাবে লিখে জমা দেওয়া যাবে।

সরকারি মহলের দাবি, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছবে এবং দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়াও আরও সহজ হবে। প্রযুক্তির মাধ্যমে প্রশাসন ও নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top