দেশ – আধার কার্ডে ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য এতদিন অনেক ক্ষেত্রেই UIDAI-এর এনরোলমেন্ট সেন্টারে যেতে হত। তবে এবার সেই ঝামেলা অনেকটাই কমতে চলেছে। UIDAI-এর নতুন Aadhaar অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সহজ কয়েকটি ধাপে আধারের ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করার সুবিধা মিলবে। এই পরিষেবা অ্যান্ড্রয়েড এবং আইফোন—উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ।
নতুন Aadhaar অ্যাপ ব্যবহার করতে প্রথমে স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর আধার নম্বর দিয়ে লগ-ইন করে পরিচয় যাচাই বা আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। যাচাই শেষ হলে ব্যবহারকারী অ্যাপের বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে পারবেন।
ঠিকানা পরিবর্তনের জন্য হোম স্ক্রিন থেকে ‘Address Update’ অপশন নির্বাচন করে নতুন ঠিকানা লিখতে হবে। এরপর ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং ফেস অথেন্টিকেশন সম্পন্ন করতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আবেদনটি UIDAI-এর কাছে পাঠানো হবে।
মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রেও একইভাবে ‘Mobile Number Update’ অপশনে গিয়ে নতুন নম্বর দিতে হবে। পরিচয় যাচাই সম্পূর্ণ হওয়ার পর আবেদন জমা হয়ে যাবে। এরপর থেকে আধার সংক্রান্ত সমস্ত ওটিপি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নতুন মোবাইল নম্বরেই পাঠানো হবে।
আধারের ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে ৭৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই অর্থ সরাসরি অ্যাপ থেকেই অনলাইনে জমা দেওয়া যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর একটি ইউআরএন (URN) বা রেফারেন্স নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে অনলাইনে আপডেটের অগ্রগতি সহজেই ট্র্যাক করা যাবে।




















