খেলাধুলা —
রবীন্দ্র সরোবর (ঢাকুরিয়া লেক) সংলগ্ন কলকাতা রোয়িং ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬। আগামী ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত কলকাতায় বসবে এই পাঁচ দিনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত সূচি ও আয়োজনের কথা ঘোষণা করেন উদ্যোক্তারা।
সংগঠনের সহ-সভাপতি তথা রেগাট্টা কমিটির চেয়ারম্যান গিরি চতুর্বেদী জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিনিধি অংশ নেবেন। ছ’টি দেশের আন্তর্জাতিক স্তরের রোয়িং খেলোয়াড়দের উপস্থিতি এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। যুক্তরাজ্য, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া এবং হংকং ও চিনের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্তের। অন্যদিকে, সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত থাকার কথা রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খানের।
তিনটি বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতা
রেগাট্টার সম্পাদক শুভজিৎ ঘোষ জানান, পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক পর্যায়ে তিনটি বিভাগ থাকছে—ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স। পাশাপাশি চারটি ক্যাটেগরিতে প্রতিযোগিতা হবে। সেগুলি হল সিঙ্গল স্কালস (ওয়ান এক্স), ডাবল স্কালস (টু এক্স), পেয়ার্স (২-) এবং ফোর্স (৪-/৪+)।
এবারের প্রতিযোগিতার থিম রাখা হয়েছে ‘পাওয়ার অফ ফ্রেন্ডশিপ’। আন্তর্জাতিক স্তরে রোয়িং খেলোয়াড়দের অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও তুলে ধরতে চাইছেন আয়োজকরা।
এদিনের সাংবাদিক সম্মেলনে চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত, দীপঙ্কর ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















