কলকাতা পুরভোটে ৭০ ওয়ার্ড মহিলা সংরক্ষিত, বদলাল খসড়ার কিছু হিসাব; প্রার্থী বাছাইয়ে নতুন করে হিসাব রাজনৈতিক দলগুলির

কলকাতা পুরভোটে ৭০ ওয়ার্ড মহিলা সংরক্ষিত, বদলাল খসড়ার কিছু হিসাব; প্রার্থী বাছাইয়ে নতুন করে হিসাব রাজনৈতিক দলগুলির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের আগে ২০৯টি ওয়ার্ডের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। বুধবার রাতে প্রকাশিত এই তালিকায় মোট ৭০টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ৬৬টি এবং তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য ৪টি ওয়ার্ড নির্দিষ্ট করা হয়েছে। আগের খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় কিছু পরিবর্তনও করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুর নির্বাচন (আসন সংরক্ষণ) বিধি, ১৯৯৪ মেনে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেককুমার তিওয়ারির তরফে সংশ্লিষ্ট বিধি মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে তফসিলি জাতির জন্য মোট ১২টি ওয়ার্ড সংরক্ষিত হয়েছে। এর মধ্যে চারটি ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য এবং বাকি আটটি সাধারণ তফসিলি জাতির প্রার্থীদের জন্য রাখা হয়েছে। তফসিলি উপজাতির জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত হয়নি।

চূড়ান্ত তালিকা অনুযায়ী সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলি হল ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৬, ২৯, ৩৩, ৩৬, ৩৯, ৪২, ৪৫, ৪৮, ৫১, ৫৫, ৫৮, ৬১, ৬৪, ৬৭, ৭০, ৭৩, ৭৭, ৮০, ৮৩, ৮৬, ৮৯, ৯২, ৯৫, ৯৮, ১০১, ১০৪, ১০৭, ১১০, ১১৩, ১১৬, ১১৯, ১২২, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৫, ১৪৮, ১৫১, ১৫৫, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯৩, ১৯৬, ২০২, ২০৫ এবং ২০৮ নম্বর ওয়ার্ড।

অন্যদিকে তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড। আর তফসিলি জাতির সাধারণ প্রার্থীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডগুলি হল ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ এবং ২০১ নম্বর। সব মিলিয়ে ২০৯টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষণের কাঠামো এবার স্পষ্ট হল।

এর আগে খসড়া সংরক্ষণ তালিকা প্রকাশের পর বিভিন্ন মহল থেকে আপত্তি ও সংশোধনের দাবি উঠেছিল। চূড়ান্ত তালিকা তৈরির আগে সেই আপত্তি ও প্রস্তাবগুলি বিবেচনা করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। চূড়ান্ত তালিকায় উত্তর কলকাতার কয়েকটি ওয়ার্ডের সংরক্ষণ নিয়েও পরিবর্তন হয়েছে।

চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের পর এবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী বাছাইয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হওয়ার সম্ভাবনা। মহিলা ও তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনগুলিতে সেই অনুযায়ী প্রার্থী বাছাই করতে হবে দলগুলিকে। ফলে কোন ওয়ার্ডে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে বিজেপি, বাম, তৃণমূল ও কংগ্রেস—সব শিবিরেই নতুন করে আলোচনা শুরু হতে পারে।

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা পুনর্বিন্যাসের পর ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। এখন সংরক্ষণের চূড়ান্ত তালিকাও প্রকাশিত হওয়ায় পুরভোটের প্রস্তুতির আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top