কলকাতা
পুজো মিটতেই কলকাতা পুরভোটের প্রস্তুতি ঘিরে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হল। মামলাকারীর অভিযোগ, একতরফাভাবে এবং আইন ও নিয়মের বাইরে গিয়ে এই সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর মামলাটির শুনানি হতে পারে।
মামলাকারীর দাবি, কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অর্থাৎ, নতুন বিন্যাসে ৬৫টি ওয়ার্ড বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে ‘যুক্তিহীন’ বলে দাবি করে ডিলিমিটেশন বাতিলের আবেদন জানানো হয়েছে।
কী অভিযোগ মামলাকারীর?
আইনজীবী শামিম আহমেদ এদিন বিচারপতি আর্য্যক দত্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়। আইনজীবীর বক্তব্য, গত ১১ অক্টোবর মিউনিসিপ্যাল অফিসারের সম্মতিতে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকার বৈধতা নিয়েই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
শামিম আহমেদ বলেন, “মিউনিসিপ্যাল অফিসারের সম্মতিতে গত ১১ অক্টোবর কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের তালিকা প্রকাশিত হয়েছে। সেই ডিলিমিটেশন বাতিল চেয়েই আমরা মামলা করেছি। আমরা মনে করি, আইন, নিয়মের বাইরে গিয়ে এই আসন বিন্যাস হয়েছে। সেই কারণে এই সীমানা পুনর্বিন্যাস বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়েছে।”
পুরভোটের আগে আইনি লড়াই
কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস ও সংরক্ষণ নিয়ে এর আগেও বিরোধী দলগুলির তরফে আপত্তি জানানো হয়েছে। তৃণমূল, কংগ্রেস ও সিপিএমের তরফেও এই বিষয়টি নিয়ে বক্তব্য সামনে এসেছে। এবার ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা হওয়ায় পুরভোটের আগে বিষয়টি নতুন করে আইনি বিতর্কের কেন্দ্রে।
আগামী ২৮ অক্টোবর মামলাটির শুনানি হলে আদালত কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















